শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধ: পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা ও হুমকির অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক জমি অন্যায়ভাবে জবরদখলের চেষ্টা, ফসল নষ্ট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো: হিযবুল বাহার (৪৫) শ্রীপুর মডেল থানায় বিবাদীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের নেহালিয়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মো: হিযবুল বাহার এবং তার অপর ভাই মো: সাইফুল ইসলামকে তাদের বাবা জীবদ্দশায় হেবা ঘোষণার মাধ্যমে বরমী মৌজার এস.এ ২১২, ২১৫ এবং আর.এস ১২৯, ১২৮ নং খতিয়ানে মোট ৫০ শতাংশ জমি দান করেন। তারা দীর্ঘদিন ধরে ওই জমিতে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযোগকারীর সৎ ভাই হুমায়ুন কবির (৬০), মিজানুর রহমান (৫২) এবং ভাতিজা নুহিন (২০) উক্ত জমি অন্যায়ভাবে দখলের পাঁয়তারা করছেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। বিবাদীরা জমিতে থাকা ফসল বিনষ্ট করে ক্ষতি সাধন করায় অভিযোগকারী জমিটি বিক্রির সিদ্ধান্ত নেন। কিন্তু বিবাদীরা জমি বিক্রিতে বাধা সৃষ্টির লক্ষ্যে কিছুদিন পূর্বে জমিতে খুঁটি স্থাপন করেন এবং সম্ভাব্য ক্রেতাদের ভয়ভীতি প্রদর্শন করেন।
পরে গত ২২ সেপ্টেম্বর বিকাল ৪ টার দিকে একদল ক্রেতা জমি দেখতে এলে অভিযুক্তরা জমিতে বেআইনিভাবে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ ঘটনার প্রতিবাদ করলে তারা অভিযোগকারী ও জমি কিনতে আসা ব্যক্তিদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগী মো: হিযবুল বাহার নিরাপত্তা চেয়ে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এবিষয়ে হুমায়ুন কবির বলেন, তার বাবার সাথে প্রতারণা করে জমি লিখে নিয়ে যায় সৎ দুই ভাই। পরবর্তীতে তার বাবা বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ করলেও জমি ফেরত পাননি এবং জীবদ্দশায় তাদেরকে এই জমি উদ্ধারের কথা বলে গেছেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) উবায়দুল হক জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।