গাজীপুর প্রতিনিধি:
চাঁদাবাজি বন্ধ এবং গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানের দাবিতে রাজপথে নামার কথা জানিয়ে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তারা পিছু হটবেন না। বিএনপি সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, “গণদাবি মেনে না নিলে জনগণের প্রয়োজনে আমাদের ৮ দফা দাবি অচিরেই এক দফায় পরিণত হবে।”
আজ শনিবার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-রংপুর অভিমুখে আয়োজিত লংমার্চের এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ ১১ দলীয় জোটের উদ্যোগে এই পথসভার আয়োজন করা হয়।

গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

পথসভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, “বেগম খালেদা জিয়ার সময় খালেদা জিয়ার সরকার এবং জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমানের সরকার গঠিত হলেও, তারেক রহমানের সময় এসে কার্যত আওয়ামী লীগের শাসনই কায়েম হয়েছে।”
ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মামুনুল হক গণভোটের রায় বাস্তবায়নের জোরালো দাবি জানিয়ে বলেন, “সরকারের সামনে গণভোটের গণরায় বাস্তবায়ন করা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই। বিগত ফ্যাসিবাদী সরকার হেলিকপ্টারে করে পালিয়েছিল। বর্তমান তারেক রহমানের সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করেই ক্ষমতা ছাড়তে হবে।”

ভোগড়া বাইপাস এলাকায় আয়োজিত এই পথসভায় জোটের কেন্দ্র ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিপুলসংখ্যক নেতাকর্মী হাতে নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পথসভা শেষে জোটের পূর্বঘোষিত ঢাকা-রংপুর অভিমুখে লংমার্চের যাত্রা শুরু হয়।