শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তাহমিনা (৩৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযানের সময় তার স্বামী চিহ্নিত মাদক সম্রাট মো. কবির হোসেন (৪৫) কৌশলে পালিয়ে যান। পুলিশ তাদের বাড়ি থেকে মোট ৮৮ কেজি গাঁজা উদ্ধার করেছে, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সেকেন্ড অফিসারের নেতৃত্বে এসআই মো. আব্দুল কুদ্দুস মৃধা সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত শুত্রবার ১৯ মার্চ রাত আনুমানিক সোয়া ১২টার দিকে বরমী মধ্যপাড়া এলাকায় কাজলের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ওই বাড়ির ভাড়াটিয়া কবির হোসেনের বসতঘরে প্রবেশ করলে পুলিশের উপস্থিতি টেরপেয়ে সে পালিয়ে যায়। তবে তার স্ত্রী তাহমিনাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের ঘর তল্লাশি চালিয়ে বিভিন্ন রঙের প্যাকেটে সংরক্ষিত মোট ৮৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, পলাতক কবির হোসেন সীমান্তবর্তী এলাকা থেকে আসা মাদকের বড় চালান এনে এলাকার খুচরা ব্যবসায়ী ও সেবীদের কাছে বিক্রি করত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে অন্তত ১১টি মামলা রয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা (মামলা নং-৫১, তারিখ: ১৯/০৩/২০২৬) দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং ঘটনায় জড়িত কবির হোসেনসহ অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।