জীবনের শেষ বয়সে এসে মাথা গোঁজার ঠাঁই পেলেন ৭০ বছরের খাতুন বিবি ; ঘরের চাবি তুলে দিলেন এমপি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: চার বছর বয়সে মাকে হারানো, মাত্র ১৩ বছর বয়সে বিয়ে এবং তিন সন্তান কোলে রেখে স্বামী মারা যাওয়া—খাতুনের (৭০) পুরো জীবনটাই যেন এক করুণ জীবনসংগ্রামের গল্প। মানুষের বাড়িতে কাজ করে সন্তানদের বড় করলেও শেষ বয়সে দুই ছেলে মাকে ফেলে আলাদা হয়ে যান। আশ্রয় বলতে ছিল মানুষের বারান্দা কিংবা রাস্তার পাশের ঝোপঝাড়। অবশেষে জীবনের শেষ প্রান্তে এসে এই হতদরিদ্র গৃহহীন নারীর ভাগ্যে জুটল একটি স্থায়ী ঠিকানা।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে ভুক্তভোগী মোছাঃ খাতুন জান বিবির (মৃত নছুর উদ্দিনের স্ত্রী) হাতে নবনির্মিত বসতঘরের চাবি তুলে দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম।

ঘরের চাবি হাতে পেয়ে অশ্রুসজল চোখে খাতুন বলেন, “রোদে-বৃষ্টিতে না খেয়ে বহু দিন কেটেছে। শেষ বয়সে এসে যে এমন একটা পাকা ঘর পাব, তা ভাবতেও পারিনি। আজ আমি খুব খুশি, জীবনের বাকি দিনগুলো অন্তত একটু শান্তিতে কাটাতে পারব।”
চাবি হস্তান্তরকালে স্থানীয় সাংসদ অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার সব ছিন্নমূল ও গৃহহীন মানুষের পাশে রয়েছে। খাতুনের মতো প্রতিটি ভূমিহীন মানুষের জন্য পর্যায়ক্রমে বাসস্থানের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাঃ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, যুগ্ম আহ্বায়ক মুক্তারুল করিম মোড়ল শামীম, গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি, সদস্য সচিব দবির উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকারসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।