শ্রীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি চালিয়ে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাই ; ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি কেউ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বিকাশের এজেন্ট প্রতিষ্ঠানের টাকা বহনকারী একটি প্রাইভেটকারে গুলি চালিয়ে দুই বস্তায় থাকা ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির হিসাব ব্যবস্থাপক হিমেল আহমেদ পেটের ডান পাশে গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া গাড়ির চালককে মারধর এবং অপর এক কর্মকর্তাকে চাপাতি দিয়ে কোপানোর খবর পাওয়া গেছে।এ ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বিকাশ এজেন্টের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো. হিমেল আহমেদ (২৯) শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবস্থিত ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড’ নামের বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপক হিসেবে কর্মরত। হামলায় আহত অপর কর্মকর্তা মো. ফাহাদ হোসেন (৩৫) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঘটনার বিবরণ দিয়ে মো. হিমেল আহমেদ জানান, নরসিংদীর একটি ডিস্ট্রিবিউশন অফিস থেকে নগদ টাকা আনতে তারা শুক্রবার বেলা দেড়টার দিকে প্রাইভেটকার নিয়ে রওয়ানা হন। জুমার নামাজের পর টাকা সংগ্রহ করে বিকেল সাড়ে চারটার দিকে মাওনা চৌরাস্তার উদ্দেশ্যে রওনা দেন। পরবর্তীতে তাদের বহনকারী গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০-১২টি মোটরসাইকেল নিয়ে এসে দুর্বৃত্তরা তাদের গতিপথ রোধ করে।

এরপর ছিনতাইকারীরা চাপাতি দিয়ে গাড়ির কাচ ভেঙে হিমেলকে লক্ষ্য করে গুলি চালায়, যা তার পেটে গিয়ে লাগে। এ সময় তারা গাড়িচালককে মারধর করে এবং গাড়িতে থাকা ফাহাদকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। পরে গাড়ির পেছনে থাকা তিন বস্তা টাকার মধ্যে দুই বস্তা নিয়ে পালিয়ে যায় তারা।
গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) শফিকুল ইসলাম বলেন, “আমরা গতকাল রাত থেকেই বিষয়টি নিয়ে কাজ করছি। এখনো বিকাশ এজেন্টের মালিকপক্ষের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। তারা জানিয়েছেন, তাদের গাড়িতে তিন বস্তায় মোট চার কোটি টাকা ছিল। সেখান থেকে দুই বস্তায় থাকা ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাই হয়েছে এবং বাকি এক বস্তায় ১ কোটি ৭০ লাখ টাকা অক্ষত রয়েছে।”
তিনি আরও জানান, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য ঘটনার সময় গাড়িতে থাকা তিনজনকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ছিনতাইয়ের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ চালিয়ে যাচ্ছে।