শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের রামদায়ের আঘাতে মোঃ আলম (৪৭) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় শুক্রবার (৯ অক্টোবর) আহতের ছেলে মোঃ মিহাদ (১৯) বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মোঃ মিহাদের পরিবারের সাথে প্রতিপক্ষ নয়ন মিঞা (৪২) ও বিল্লাল হোসেনের (৬০) দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্বেও এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং স্থানীয়ভাবে শালিস বৈঠক ডাকা হলেও বিবাদীরা তা মানেনি।

অভিযোগে উল্লেখ করা হয়, শুক্রবার সকাল ১১টার দিকে বিবাদীরা তাঁদের পৈত্রিক জমিতে বেআইনিভাবে বেড়া দিতে যায়। এতে বাধা দিলে বিবাদীরা মোঃ আলম, মোঃ মিহাদ ও দুলাল হোসেনের (৫২) ওপর হামলা চালায়। দায়ের কুপে মোঃ আলম গুরুতর আহত হন।
পরে আহতদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। তাঁদের সহায়তায় রক্তাক্ত অবস্থায় মোঃ আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এবিষয়ে নয়নের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাসার জানান, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমি হাসপাতালে গিয়েছিলাম; তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”