নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) এর এক বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৬টার দিকে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম আশুলিয়া থানাধীন শুটিং বাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— ১. হাবিবুর রহমান ওরফে গেল্লা (৬০), মোঃ রবিন (২৮), মোঃ ইমরান হোসেন (৩২), সোহেল তানভীর বিজয় (৩০)।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে মোট ২২ গ্রাম ওজনের ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬,০০০ (ছেষট্টি হাজার) টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি (উত্তর)-এর কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামিরা চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।